Monday, February 5, 2007

অ্যালিসন



অ্যালিসন। এটাই আপতত: আমার গোপন প্রেমিকার নাম। অবশ্য একপেশে প্রেমে অপর পক্ষকে প্রেমিকা বলা যায় কি না তা নিয়ে মতবিরোধ থাকতে পারে - হু কেয়ারস?

ক'টা দিন খারাপ কাটলো। লাঞ্চে গিয়ে মেয়েটা তাড়াহুড়ো করলো, বারবার ঘড়ির দিকে তাকালো - সারাক্ষণই উঠি উঠি ভাব। সেদিন ফোনে কিন্তু ভালো করেই কথা বললো। কিন্তু পরদিনই পার্কিং লটে আবার অবহেলা।

এ ধরণের কো-ইনসিডেন্স পার্কিং লটে সাধারণত: ঘটে না। সকালে আমি যখন পার্ক করছি ঠিক তখনই সে এসে হাজির হল। উইণ্ডশীল্ডের ভেতর দিয়ে সানগ্লাস পড়া বিপদজনক স্নিগ্ধ মুখটা দেখতে পাচ্ছিলাম। ভাবলাম এতদিন পর হয়তো সেই বহু প্রতীক্ষিত সপ্তপদী। হল না। গাড়ি থেকে বের হয়েই সে তীব্র গতিতে হাঁটা শুরু করল। একটু পর মোটামুটি দৌড়। কঠিন ঠাণ্ডা ছিলো, বুঝলাম। হয়তো মীটিং-এর দেরী হয়ে যাচছিলো - তাও বুঝলাম। তবুও। এ ধরণের কো-ইনসিডেন্স তো পার্কিং লটে প্রতিদিন ঘটে না!

একটু আছাড় খেয়ে পড়ে গেলেও তো পারতো!
দৌড়ে গিয়ে হাত ধরে উঠিয়ে দিতাম।
হ্যাণ্ডব্যাগ থেকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া জিনিসগুলো গুছিয়ে তুলে দিতাম।
আমার গাড়ীটা নিয়ে এসে বিলডিং-এর ঠিক দরজাটার সামনে পৌঁছে দিতাম।

এ ধরণের কো-ইনসিডেন্স তো পার্কিং লটে দ্বিতীয়বার ঘটে না।

No comments: