Monday, February 26, 2007
With or Without You
এয়ারপোর্টে অ্যালিসনকে খুঁজলাম। থাকতেও তো পারতো! ও তো প্রায়ই এখানটাতে কাজ করতে আসে। লাঞ্চের পর হেঁটে আসার পথে ওর কিউবে ওর কোট ঝোলানো দেখলাম না। তার মানে হয় আজকে আসেনি, অথবা এয়ারপোর্টে কাজ করছে, নয়তো "আলফনসো"-র সাথে গুলতাপ্পি মারছে! সারাটা দিন!
এতটা চুপচাপ মেয়েটা। শুধু কি আমাদের সাথে? একদিন ভাবি জিজ্ঞেস করবো, যখন ও বান্ধবীর সাথে হাওয়াই বেড়াতে যায়, প্রায় দু তিন দিনের জন্য - পুরোটা সময় কি সে চুপ থাকে? এরকম কি হতে পারে যে আগে ও এরকম ছিলো না, হয়তো সেই অ্যাক্সিডেণ্টের পর থেকে ও এরকম। এরকম কি হতে পারে ওই অ্যাক্সিডেণ্টে ওর কোন প্রিয়জন কোন আঘাত পেয়েছিলো। কোন মৃত্যু? মনে হয় একবার শুনেছিলাম ওর শরীরে বোধহয় একটা স্টীলের প্লেট বসাতে হয়েছিলো ওই দুর্ঘটনার পর। কোথায়? অনেকবার ভাবি ওকে জিজ্ঞেস করবো সেটা। ছুঁয়ে দেখতে চাইবো।
আমি আসলে কি চাই ওর কাছ থেকে... ধরে নিলাম ও আমাকে পছন্দ করে। তারপর? সেটা জেনে প্রচণ্ড শভিনিস্টিক আনন্দ হবে আমার। সেটা ছাড়া আর কিছু? আমি তো তাহলে নিতান্ত টিপিক্যাল পুরুষ মানুষের মত আচরণ করছি। কিন্তু আমি তো অসাধারণ হতে চাই! তাহলে ওকে নিবিড় আদর করার, ওর স্নিগ্ধ ঠোঁটে আলতো চুমু খেতে চাওয়ার একান্ত ইচ্ছেটা তো শুধুই লাস্ট মনে হয়! আমি তো ইনকরিজিবল রোমাণ্টিক, আমি তো ক্যাসানোভা নই! এমনকি কখনো ওকে একেবারে নিজের করে পাওয়ার বিনিময়েও না! তাহলে কেন আমি অ্যালিসনকে নিয়ে ফ্যাণ্টাসাইজ করি, কেন দিনের রাতের দীর্ঘ সময় কেটে যায় ওর ভাবনায়, কেন সুযোগ খুঁজি সারাদিন ওর সাথে "ঘটনাচক্রে" দেখা হয়ে যাবার, কেন আসা যাবার পথে আড়চোখে তাকাই দেয়ালের কমিউনিটি সার্ভিস বোর্ডে ঝোলানো ওর বেশ ভাবগম্ভীর ছবির দিকে?
ধরে নিলাম ও আমাকে পছন্দ করে। এবং আমাকে চায় - মানে না চাওয়ার জায়গা থেকে, অসম্ভব অবাস্তব ভালোবাসার জায়গা থেকে, দূর থেকে, ঠিক আমি যেমনটা ভাবি সেভাবে! আমি তারপর কি করবো? সমাজ সংসার বিসর্জন দিয়ে ওর কাছে চলে তো যাবো না। ও যদি আমাকে ভালও বাসে, এই সত্যটা বোঝার মত যথেষ্ট স্মার্ট অবশ্যই সে।
1 comment:
www.bdtender.com
... বাংলাদেশে www.bdtender.com‘ই প্রথম টেণ্ডার নটিফিকেসান সার্ভিস চালু করেছে
Post a Comment